সম্পাদকীয় · শুরুর কথা
শিশুদের তুমি রক্ষা কর হে আল্লাহ্!
আবু তাহের মিছবাহ · ছাপা সংখ্যার পৃষ্ঠা ৩ ও ৪৭
আমার দেশের প্রতিটি মা এবং প্রতিটি বাবা, যে যেখানে আছ, দয়া করে আমাকে কিছু সময় দাও! আমার এ আহ্বান তাদেরও জন্য, আসন্ন সময়ে যারা বাবা হবে এবং মা হবে!
আমাকে এ সময়টুকু তুমি দেবে আল্লাহ্কে খুশী করার জন্য, তারপর তোমার ঘরের অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের প্রতিটি শিশুর কল্যাণের জন্য, সর্বোপরি তোমার দৃষ্টিসীমার ভিতরে ও বাইরে নিষ্পাপ যত শিশু আছে সবার কল্যাণের জন্য।
দেখ, আল্লাহ্র কাছে যখন চাইবে, নিজের ক্ষুদ্রতা ও সীমাবদ্ধতার অবস্থান থেকে চাইবে না! চাইবে আল্লাহ্র শানে জালাল, শানে জামাল ও শানে কামালের অবস্থান থেকে! চাইবে আল্লাহ্র অফুরন্ত ভাণ্ডার ও অসীম দানপ্রিয়তার কথা চিন্তা করে।
হে মা! হে বাবা! আল্লাহ্র নামে তোমার কাছে কিছু সময় চেয়েছি, কারণ তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তো শুরু করার আগে একটি কথা! তুমি বলে সম্বোধন করেছি, এজন্য কিছু মনে কর না। আমার এ সম্বোধনটি অন্তত আজকের জন্য যে কোন যুক্তিতে তুমি প্রসন্নচিত্তে ও অম্লান বদনে গ্রহণ কর।
এখন আমি আবেগ ও আনন্দের এবং আশা ও আশাবাদের এমন এক ঊর্ধ্বজাগতিক জ্যোতির্ময়তার মধ্যে আছি যেখানে যে কোন সম্বোধন ‘তুমি’ হয়ে যায়! তাছাড়া ভুলে যাবে কেন, প্রত্যক্ষভাবে আমি তোমাদের চারশ সন্তানের এবং পরোক্ষভাবে এই মাটি ও মানুষের সকল সন্তানের জীবন-উদ্যানের দরদী মালী!
নিজের সম্পর্কে যখন চিন্তা করি, আনন্দদায়ক একটি সত্য আমার অন্তর্সত্তায় দেখতে পাই। এখনো যেন আমি দূর অতীতে ফেলে আসা সেই শিশুটি, যে সামান্যতেই কাঁদে, সামান্যতেই হাসে! বড়রা তার কান্নার যেমন কোন কারণ খুঁজে পায় না, তার হাসিরও কোন রহস্য বুঝতে পারে না! তবে দূর অতীতের, তাজা ফুলের মত সেই ছোট্ট শিশুটি, আর আজকের জরাজীর্ণ এই বুড়ো শিশুটি, দু’জনের জীবনে বড় দাগের একটা পার্থক্য রয়েছে। সেই শিশুটির হাসিতে সবাই খুশী হত! যদিও কেউ বুঝত না, কোন্ সামান্য কারণে এ অসামান্য হাসি! সেই শিশুটির কান্নায় সবাই অস্থির হত! সবার মধ্যে তার কান্না থামানর সাধ্যসাধনা শুরু হত! যদিও কেউ বুঝত না, ‘এ অকারণ কান্নার কী কারণ!’
আজকের এই বুড়ো শিশু যখন হাসে তখন সবাই ভাবে, কেউ অবাক হয়ে, কেউ বিরক্ত হয়ে, কেউ বা... সবাই ভাবে, বুড়োটা এমন করে হাসছে কেন! বয়সের তরলতা!
আজকের এই বুড়ো শিশুটি যখন কাঁদে তখনো সবাই ভাবে, কেউ অবাক হয়ে, কেউ বিরক্ত হয়ে, কেউ বা... সবাই ভাবে, বুড়োটা এমন করে কাঁদছে কেন! বয়সের তরলতা!
অতীতের সেই শিশুটির হাসি ও কান্না, চারপাশের মানুষ দু’টোকেই গুরুত্ব দিত!
আজকের এই বুড়ো শিশুটি! চারপাশের মানুষের কাছে না তার হাসির মূল্য আছে, না কান্নার গুরুত্ব আছে!
হে মা! হে বাবা! আমি তো এখন হাসছিও না, কাঁদছিও না! তোমাদের সঙ্গে শুধু কিছু কথা বলছি! তোমরা অবাক হও না তো! তোমরা বিরক্ত হও না তো!
একটু ধৈর্যের সঙ্গে শোন, তাতে আমার, তোমার; আমাদের সবার, আল্লাহ্ চাহে তো কিছু না কিছু কল্যাণ হবে।
আজ আমার জন্য বড় কষ্টের দিন এবং বড় আনন্দেরও দিন! কষ্টের দিন এজন্য যে, কিছু বেদনাদায়ক দৃশ্য আমাকে দেখতে হয়েছে এবং কিছু বেদনাদায়ক ঘটনা আমাকে শুনতে হয়েছে!
আনন্দের দিন এজন্য যে, আল্লাহ্র রহমতে একটি সুন্দর দৃশ্য দেখেছি এবং একটি সুন্দর ঘটনা শুনেছি।
দুঃখের ও কষ্টের কথা আজ থাক! দুঃখ, আর কষ্ট তো এখন আমার জীবনের প্রতি দিনের সঙ্গী! আনন্দের দৃশ্য এবং আনন্দের ঘটনা জীবনে এখন কমই হয়। তাই আজ আনন্দের কথা বলতে চাই।
আনন্দের দৃশ্য এবং আনন্দের ঘটনা দু’টোই আমাদের মাদানী মাক্তাবের ছোট ছোট ফুলকলিদের!
আনন্দের দৃশ্যটি শোন। দুপুরে বড় ছোট তালিবানে ইলম দস্তরখান-ভবনের দিকে যাচ্ছে। শুভ্র পোশাকের নিষ্পাপ শিশুরা সিঁড়ি দিয়ে নামছে। একটি শিশু কীভাবে যেন পড়ে গেল! বৃষ্টি হচ্ছে, হয়ত সিঁড়িতে পানি ছিল, পিছল খেয়ে পড়ে গিয়েছে।
ঠিক পড়ে যায়নি, প্রায় পড়ে যাচ্ছিল। পাশের শিশুটি এত দ্রুত তাকে ধরে ফেলল যে, দূর থেকে দেখে আমি অবাকই হলাম এবং আনন্দিত হলাম। পাশের শিশুটি দ্রুত তাকে ধরে না ফেললে নির্ঘাত পড়ে যেত এবং আল্লাহ্ না করুন হয়ত বড় ধরনের আঘাত পেত! শিশুটির হাত থেকে জুতা পড়ে গিয়েছিল। পাশের শিশুটি জুতাজোড়া তুলে আনল এবং শিশুটিকে জুতা পরতে সাহায্য করল। দূর থেকে বুঝতে পারিনি, এই শিশুটি তার সাহায্যকারী শিশুকে ‘জাযাকাল্লাহু খায়রান’ বলেছে কি না! তবে আশা করি, বলেছে! মাদানী মাক্তাব তার বাগানের ফুলকলিদের এ শিক্ষাই তো দেয়ার চেষ্টা করে আসছে! এবং শিক্ষার কিছু না কিছু ছায়া ও ছাপ তো আল্লাহ্র রহমতে তাদের ছোট্ট জীবনের ছোট্ট পরিসরে দেখতে পাওয়া যায়!
এবার বলি আনন্দের ঘটনা। মাদানী মাক্তাবে যারা মায়ের কোল থেকে আসা শিশুদের শিক্ষা দীক্ষা এবং পরিচর্যা ও প্রতিপালনের দায়িত্ব পালন করছে যত্নের সঙ্গে, শুধু আল্লাহ্কে খুশী করার জন্য, আল্লাহ্র কাছ থেকে আজর পাওয়ার আশায়, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।
তারা যদি আমার পাশে না থাকত তাহলে এই বুড়ো বয়সে, বার্ধক্যের এই ভারাক্রান্ত অবস্থায় এবং এত এত প্রতিকূলতার মুখে, দেড়শ মায়ের আঁচলেছঁড়া ধন এই শিশুদের প্রতি- পালনে আমি তো কিছু করতে পারতাম না! আল্লাহ্ তাদের উত্তম হতে উত্তম বিনিময় দান করুন, আমীন।
আমার মাওলানা তালিবানে ইলম দস্তরখানে প্রতিদিন কিছু শিশুর খাবার মেখে দেয়। মায়ের মত তো আর হয় না, তবে বাচ্চারা খুশী হয়! কৃতজ্ঞতা জানায়! ‘আমাকে মেখে দিন!’ বলে আব্দারও করে! তারপর সুন্দর করে জাযাকাল্লাহু খায়রানও বলে।
আজ দুপুরের দস্তরখান থেকে ফিরে এসে আমার প্রিয় একজন জানাল, একটি শিশুকে খাবার মেখে দিতে গিয়ে সে জানতে চেয়েছে, তোমাকে আলু দিয়ে মেখে দেব, না শুধু ঝোল দিয়ে, ডাল দিয়ে!
শিশুটি তাকে বলেছে, হুযূর, আপনার যেমন ইচ্ছা, মেখে দিন। আপনি মেখে দিলেই স্বাদ লাগবে!
বিশ্বাস কর হে মা! হে বাবা! তোমার সন্তানের মুখে এমন কথা শুনে আনন্দে আমি সত্যি সত্যি আপ্লুত! আমার বুড়ো চেহারায় শুকনো ঠোঁটে হাসির উদ্ভাস ফুটেছে! নিজের অজান্তেই হৃদয়ের গভীর থেকে বলেছি, ‘জাযাহুল্লাহু খায়রান’।
এত আনন্দিত হয়েছি যে, প্রথমে আল্লাহ্র প্রতি, তারপর আমার বাগানের এই নিষ্পাপ শিশুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য মাদারাসার ছোট বড় সমস্ত তালিবানে ইলমকে মিিষ্ট দ্বারা আপ্যায়ন করেছি!
এস, অন্তরের অন্তস্তল থেকে প্রার্থনা করি, এই মাটির প্রতিটি শিশু যেন তার মায়ের, তার বাবার, তার শিক্ষকের, তার বাগানের দরদী মালীর চোখের শীতলতা হয়!
এস দিল দিয়ে দু‘আ করি, প্রত্যেক মা-বাবাকে, প্রত্যেক শিক্ষককে আল্লাহ্ শিশুদের জন্য আদর্শ ও অনুকরণীয় বানিয়ে দেন। মাকে, বাবাকে দেখে শিশুর বুকে যেন আকুতি জাগে, আমি মায়ের মত, বাবার মত উত্তম হব! প্রত্যেক শিশুর অন্তরে যেন আকুতি জাগে, আমার শিক্ষকের মত আদর্শ মানুষ হব। আচরণে, উচ্চারণে তাঁর মত সুন্দর, তাঁর মত শুভ্র পবিত্র হওয়ার চেষ্টা করব!
বাস্তবতা তো এত হতাশাজনক যে, ভাবতেও বুক কেঁপে ওঠে! না ঘরে কারো কাছে শেখার কিছু আছে, না এখানে আমাদের কাছে অনুসরণ করার মত কোন আদর্শ আছে! না আচরণে উচ্চারণে গ্রহণ করার মত কোন সৌন্দর্য আছে!
তারপরো যে সামান্য ছায়ায়, সামান্য ছোঁয়ায় শিশুরা কিছু সৌন্দর্যের, কিছু শুভ্রতার পরিচয় দিতে পারে, তা আসলে ফিতরতের সঙ্গে তাদের নিকটবর্তিতার কারণে।
আমি একজন বাবা, আমার স্ত্রী একজন মা! আমার ছেলে একজন বাবা, আমার দুই মেয়েও মা! সুতরাং আমি বাইরের কেউ না, হে মা, হে বাবা, সহনশীলতার সঙ্গে আমার কথা শোন, আমরা মা ও বাবা হয়েছি নিছক প্রকৃতির অনিবার্যতার সুবাদে! আমরা শিক্ষক হয়েছি প্রধানত জীবিকার তাগিদে! পিতৃত্ব ও মাতৃত্বের ক্ষেত্রে আমরা আদম-হাওয়ার খলীফা হতে পারিনি এবং শিক্ষকতার ক্ষেত্রে হতে পারিনি بُـعِـثْـتُ مُـعَـلِّـمًـا এর নাইব। আমাদের গৃহাঙ্গনে ও বিদ্যাঙ্গনে যা কিছু অবক্ষয় এবং যাকিছু বিপর্যয় তার মূল কিন্তু এখানে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, গৃহাঙ্গনে যদি সামান্য একজন ভালো মা, ভালো বাবা পাওয়া যায়, যারা সামান্য হলেও প্রাকৃতিক পর্যায় থেকে উপরে উঠতে পেরেছে; বিদ্যাঙ্গনে অল্প কিছু হলেও যদি এমন শিক্ষক পাওয়া যায়, যারা জীবিকার প্রয়োজন থেকে উপরে উঠতে পেরেছে এবং بُـعِـثْـتُ مُـعَـلِّـمًا এর ছায়া ও মায়া নিজের মধ্যে ধারণ করতে পেরেছে, তাহলে হে মা, হে বাবা, হে শিক্ষক, তুমি দেখতে পাবে, এ ঊষরভূমিতেও কেমন ফসল ফলতে পারে! এখনো এই মাটিতে আছে কত আর্দ্রতা!
সুখে থাক, দূরের ও কাছের সবাইকে সুখে রাখ, আর আমার কথাগুলো মনে রেখ!
(কোন মা, কোন বাবা, কোন শিক্ষক যদি আমার এত কষ্টের লেখাটি পড়তেই না পারে, খবরও না রাখে তাহলে আমার জন্য কত বেদনার হবে তা! এমন বেদনা নিয়েই আমার জীবনতরী ভেসে চলেছে বন্দর থেকে বন্দরে ঐ মানুষের সন্ধানে!)